...|...|...

খেলা

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৫:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৮
Shares
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব বাস্তবায়নে বড় অঙ্কের আর্থিক সহায়তার বিষয়ে অনীহা প্রকাশ করেছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার বক্সিং ফেডারেশন আয়োজিত ‘কোচেস ট্রেনিং’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থান স্পষ্ট করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাফুফের অর্থ সহায়তার প্রত্যাশা নিয়ে এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে সরকারের বড় অঙ্কের ব্যয় বহন করতে হচ্ছে। ফলে একটি ম্যাচকে উপলক্ষ করে বিপুল অর্থ ব্যয় করার মানসিকতা এই মুহূর্তে সরকারের নেই।’

তবে বাফুফেকে বিকল্প পথ বাতলে দিয়ে তিনি যোগ করেন, ‘বাফুফে যদি বেসরকারি স্পনসর সংগ্রহ করে আয়োজনটি সফল করতে পারে, তবে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক সহযোগিতা দেওয়া হবে।’

ব্রাজিলের এই সফর ফুটবলের উন্নয়নে কতটা ভূমিকা রাখবে—এমন প্রশ্নে সংশয় প্রকাশ করে সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিল দল এসে খেললে দর্শকের আনন্দ মিলবে এবং তা হয়তো বড় প্রাপ্তি হবে। কিন্তু তাদের এক ম্যাচ খেলা দিয়ে দেশের ফুটবলের রাতারাতি কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না।’

বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে আমিনুল হক জানান, সফরটি চূড়ান্ত হবে কি না বা আনুষঙ্গিক বিষয়গুলো কীভাবে নিস্পত্তি হবে—তা নিয়ে বাফুফে সভাপতির সাথে বিস্তারিত আলোচনা বাকি রয়েছে।