আগামীকাল ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দিবসটি ঘিরে রাজধানী দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাসহ দেশটির সংবেদনশীল এলাকাগুলো নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। এর মধ্যেই খোদ দিল্লিতে বোমাতঙ্কে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) এক ই-মেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ই-মেইলটি পাওয়ার পরপরই পুরো আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়িয়ে চিরুনি তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হাই-প্রোফাইল কর্মসূচির প্রাক্কালে রাজধানীতে এমন ই-মেইল পাওয়ায় পুরো শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
দিল্লির প্রবেশ ও প্রস্থান পথগুলোতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
এর আগে গত ৩ আগস্ট দিল্লির মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েও একই ধরনের একটি ই-মেইল এসেছিল। স্বাধীনতা দিবসের ঠিক আগে বারবার এমন বার্তা পাঠানোর নেপথ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।


