...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, সকাল ৮:৪৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩১
Shares
বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

ছবি: সংগৃহীত

মার্কিন-ইরান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা মূল্যায়ন করার সময় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে স্থিতিশীলতা বজায় রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) লেনদেনে অক্টোবর সরবরাহের ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেলে ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১.৮৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, সেপ্টেম্বর সরবরাহের মার্কিন ডব্লিউটিআই ক্রুড ফিউচার্স ২ সেন্ট কমে প্রতি ব্যারেল ৮৫.৮১ ডলারে লেনদেন হয়েছে। তবে তুলনামূলক সক্রিয় অক্টোবর ডব্লিউটিআই চুক্তি ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪.৫৩ ডলারে পৌঁছেছে।

রয়টার্স সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এর আগে গত বুধবার ব্রেন্ট এবং ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কই টানা চতুর্থ সেশনে বৃদ্ধি পেয়ে গত ২৪ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ স্তরে বন্ধ হয়েছিল।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের চিফ স্ট্র্যাটেজিস্ট হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, “মধ্যপ্রাচ্যে বিক্ষিপ্ত হামলার কারণে বাজার সমর্থিত থাকলেও বড় ধরনের কোনো সংঘাত ছাড়া নতুন কোনো গতি না থাকায় তেলের দাম চড়া অবস্থাতেই রয়েছে।”

তিনি আরও বলেন, “শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইরানের মধ্যকার উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাজার সম্ভবত ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখবে।”

এদিকে, উপসাগরীয় অঞ্চলের প্রধান আরব তেল উৎপাদনকারী দেশ ও ইরানের মধ্যে তীব্র সম্পর্কের জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সমস্ত আর্থিক ও অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

এদিকে, মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেল ও পেট্রোলের মজুদ বৃদ্ধি পেয়েছে এবং ডিস্টিলেটের মজুদ কমেছে। গত ১৪ আগস্ট শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত বা ক্রুড তেলের মজুদ ৬ লাখ ব্যারেল হ্রাসের পূর্বাভাসের বিপরীতে ৪৪ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে।