...|...|...

খেলা

বিপিএলের বিকল্প টুর্নামেন্ট আয়োজনের দাবি কোয়াবের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৮:৫৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২
Shares
বিপিএলের বিকল্প টুর্নামেন্ট আয়োজনের দাবি কোয়াবের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের প্রতিনিধি নাসির হোসেন জানিয়েছেন, বোর্ডের দেওয়া প্রস্তাবে আপাতত তারা সন্তুষ্ট।

ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিদল রবিবার বিসিবির সঙ্গে বৈঠক করে। বৈঠকে ক্রিকেটারদের পক্ষে উপস্থিত ছিলেন নাসির হোসেন।

বৈঠক শেষে সাংবাদিকদের নাসির বলেন, ‘আপাতত আমরা খুশি। আমরা যে প্রস্তাব দিয়েছি এবং বোর্ডের পক্ষ থেকে যেসব প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে আমাদের বিশ্বাস আছে। সামনে আবার বসলে বিষয়গুলোর সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’

বিপিএল আয়োজন না হলে জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি বিবেচনায় নিয়ে বিপিএলের নির্ধারিত সময়ে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

নাসির বলেন, ‘বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে কিছুটা সমস্যায় পড়বে। বিপিএল যেহেতু প্রায় দেড় মাসের টুর্নামেন্ট, আমরা চেয়েছি সেই সময়ে যদি অন্য একটা টুর্নামেন্ট আয়োজন করা যায়, তাহলে খেলোয়াড়দের জন্য ভালো হবে। তবে সেটা হবে কি না, এখনো চূড়ান্ত হয়নি। পরের বৈঠকে বিষয়টি পরিষ্কার হবে।’

নাসির হোসেন বলেন, বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে এ বিষয়ে আরও একটি বৈঠক হতে পারে। সেই বৈঠকেই বিকল্প টুর্নামেন্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে ক্রিকেটারদের নিয়ে বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি। তিনি বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরে খেলোয়াড়দের অবস্থান কী হবে, সে বিষয়েও বোর্ড গুরুত্ব দিচ্ছে।

নাসির বলেন, ‘বোর্ড বেশ কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। এই বোর্ড মূলত খেলোয়াড়রা পাঁচ-দশ বছর পর কোথায় থাকবে, সেই বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এখন পর্যন্ত যেসব প্রস্তাব শুনেছি, সেগুলো বাস্তবায়ন হলে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না।’

এর আগে শনিবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠকে একাধিক ফ্র্যাঞ্চাইজি মালিকও জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন না করার পক্ষে মত দেন।

ফলে বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও ক্রিকেটারদের আর্থিক স্বার্থ বিবেচনায় বিকল্প টুর্নামেন্টের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। বিসিবি ও ক্রিকেটারদের পরবর্তী বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত চিত্র পাওয়া যেতে পারে।