বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী বিনা খরচে নিতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কর্মীদের কোনো খরচ বহন করতে হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিরাপদ অভিবাসন, অবৈধ পথে বিদেশযাত্রা ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার বৈধ পথে দক্ষ কর্মী বিদেশে পাঠাতে কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ জানিয়েছে। তবে বিদেশ যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ নিতে হবে।
তিনি বলেন, শুধু বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলেই হবে না, সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও ভাষাজ্ঞান অর্জন করে যেতে হবে। এ জন্য সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে।
সভায় অবৈধ পথে বিদেশযাত্রা ও দালালদের প্রতারণা নিয়েও সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, দালালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যেতে গিয়ে অনেক যুবক প্রাণ হারাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
অবৈধভাবে বিদেশ পাঠানোর সাথে জড়িত দালালদের নাম-ঠিকানার তালিকা সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বিদেশে অবস্থানরত দালালদেরও সংশ্লিষ্ট দেশের সহযোগিতায় দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানান।
অবৈধ অভিবাসন ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ অভিবাসনের ক্ষতি এবং বৈধ পথে বিদেশ যাওয়ার সুফল তুলে ধরতে হবে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। তবে আইএলওর ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
সভায় সুনামগঞ্জের যুবকদের অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে জেলার কয়েকজন যুবকের মৃত্যুর ঘটনাও উঠে আসে।
নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


