বিদায়ের আগে একটি মানবিক কাজ করে গেলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। চা বাগানের কর্মচারী মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা পরিশোধ করে দিলেন তিনি। ফলে দীর্ঘ কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মঙ্গল দাস।
বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস বিদ্যুতের বকেয়া বিল মাত্র ২০ হাজার টাকা দিতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাভোগ করছিলেন। একসময় কারাগার পরিদর্শনে গিয়ে মঙ্গল দাসের সাথে দেখা হয় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের। বিষয়টি জানার পর তিনি সহায়তার আশ্বাস দেন।
সেই আশ্বাসের ভিত্তিতে গত ১১ মার্চ মঙ্গল দাসের জামিনের আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটের বিচারক আনোয়ারুল কবির। পরদিন কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস।
কিন্তু বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল পুনরায় মঙ্গল দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিদ্যুৎ আদালতের বিচারক। সেই পরোয়ানার ভিত্তিতে গত ১৭ জুন বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ মঙ্গল দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
অবশেষে গতকাল রবিবার (২১ জুন) সিলেট জেলা প্রশাসন মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা পরিশোধ করে দেয়। বকেয়া বিল পরিশোধ হওয়ার পর যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির মঙ্গল দাসের জামিনের আদেশ দেন। এরপর জামিননামা কারাগারে প্রেরণ করা হয়।
বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানান, জামিনের আদেশ দেওয়ার পর মঙ্গল দাসকে মুক্তির জন্য জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।


