...|...|...

সারাদেশ

বিজিবির গুলিতে ব্যবসায়ী নিহত, প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০৪
Shares
বিজিবির গুলিতে ব্যবসায়ী নিহত, প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ

বিজিবির গুলিতে ব্যবসায়ী নিহত, প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ। ছবি: টাইমস টুডে

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যুর প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে ভোরে তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবির সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। বিজিবির দাবি, চোরাচালানের পণ্য আটক করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর হামলা চালায়। এ সময় এক বিজিবি সদস্য আহত হন।

৩৯ বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী বিওপির টহলদল জলজলিয়া এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের পণ্য আটক করে। পরে আটক পণ্য নিয়ে ফেরার পথে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর সতর্কতামূলক গুলিবর্ষণ করা হলেও হামলা অব্যাহত থাকে।

একপর্যায়ে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বিজিবির গুলিতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ তুলে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদে নেমে থানা ও সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।

তবে নিহত ব্যক্তি চোরাকারবারি ছিলেন কি না নাকি তিনি ব্যবসায়ী এ নিয়ে স্থানীয়দের বক্তব্য ও বিজিবির বক্তব্যে ভিন্নতা রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত আছে।