চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। এ ঘটনায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ৬ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে।
সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৬ জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ১৬ বিজিবি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


