পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আমখোলা বাজারে ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’ এর ব্যানারে সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ‘এই লড়াইয়ে জিতবে কারা শহীদ জিয়ার সৈনিকেরা’ স্লোগানের পর ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়। পরে ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলেও স্লোগান দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদার এবং গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরানসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া আহসান ইমরান বলেন, তিনি সোমবার পটুয়াখালী জেলা শহর থেকে নিজ উপজেলায় ফিরছিলেন। আমখোলা চৌরাস্তায় পৌঁছালে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদার তাকে মিছিলে অংশ নিতে বলেন। পরে তিনি মিছিলে যোগ দেন। তিনি বলেন, মিছিল চলার সময় পেছন থেকে কে বা কারা যুবলীগ ও ছাত্রলীগের নাম করে স্লোগান দিয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মিছিলের শুরুতে দলীয় কর্মসূচি স্বাভাবিকভাবেই চলছিল। একপর্যায়ে গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিছিলের মধ্যে ওই স্লোগান দেন।
তবে স্লোগান দেওয়ার বিষয়টি ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করেছেন ফয়সাল আহমেদ। তিনি বলেন, দলীয় স্লোগান দিতে গিয়ে ভুল করে মুখ ফসকে ছাত্রলীগ ও যুবলীগের নাম বলে ফেলেছেন।
ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে লীগের নাম বলে ফেলি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। এ ভুলের জন্য আমি অনুতপ্ত। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’
তবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী। তিনি বলেন, তারা দলীয় স্লোগান দিয়েই মিছিল করেছেন। এর মধ্যে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান দিয়েছে বলে তিনি লোকমুখে শুনেছেন।
গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান বলেন, এ ঘটনায় মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



