...|...|...

সারাদেশ

বিউটি পার্লারে চাকরির স্বপ্ন দেখিয়ে যৌনপল্লীতে বিক্রি ১৬ বছরের কিশোরীকে

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:১৩
Shares
বিউটি পার্লারে চাকরির স্বপ্ন দেখিয়ে যৌনপল্লীতে বিক্রি ১৬ বছরের কিশোরীকে

গোয়ালন্দ ঘাট থানা, রাজবাড়ী। ছবি: সংগৃহীত

স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল তার চোখে। ভেবেছিল, ভালো বেতনে বিউটি পার্লারে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু সেই স্বপ্নই যে তাকে ঠেলে দেবে জীবনের সবচেয়ে ভয়াবহ অন্ধকারে, তা কি কখনো ভেবেছিল ১৬ বছরের কিশোরীটি? চাকরির প্রলোভন দেখিয়ে সাভার থেকে তাকে নিয়ে আসা হয় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে। অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হয় এক বাড়িওয়ালির কাছে। এরপর আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হয় তাকে।

এভাবেই হয়তো জীবনের নতুন স্বপ্ন দেখতে গিয়ে অনেক নারী ও কিশোরী প্রতারণার শিকার হয়ে হারিয়ে ফেলেন নিজেদের জীবনের পথ। কেউ চাকরির আশায়, কেউ অভাবের তাড়নায়, আবার কেউ বিশ্বাসের সুযোগ দিয়ে পড়ে যান মানবপাচারকারী চক্রের ফাঁদে। এরপর শুরু হয় এক নির্মম অধ্যায়। ভয়ভীতি, আটকে রাখা, নির্যাতন আর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক অন্ধকার জীবনে ঠেলে দেওয়ার অভিযোগ।

তবে এই কিশোরীটির ভাগ্যে শেষ পর্যন্ত ঘটে কিছুটা ভিন্ন ঘটনা। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর সুযোগ বুঝে পালিয়ে আসে সে। আশ্রয় নেয় দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন মো. দেলোয়ার হোসেনের একটি দোকানে। সেখান থেকেই স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রইচ মন্ডলের মেয়ে।

উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি গাইবান্ধা জেলায়। সে ঢাকার সাভার এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করত। তার ভাষ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক নারী ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে কোহিনূর আক্তারের কাছে বিক্রি করে দেওয়া হয়।

অভিযোগ, এরপর থেকে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় যৌনপল্লী থেকে পালানোর চেষ্টা করলে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূর ও তার সহযোগীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে প্রাণভয়ে দৌড়ে রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন ওই দোকানে গিয়ে আশ্রয় নেয় কিশোরীটি।

উদ্ধার হওয়া কিশোরী জানিয়েছে, তাকে দৌলতদিয়ায় নিয়ে আসা ওই নারীর নাম সে জানে না। তবে সামনে পেলে চিনতে পারবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। মামলায় আটক কোহিনূর আক্তারকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

একটি কিশোরীর পালিয়ে আসা হয়তো তাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে নারী তাকে চাকরির স্বপ্ন দেখিয়ে এই অন্ধকারে নিয়ে এসেছিল, সে কোথায়? তার পেছনে কি আরও কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে? এমন প্রতারণার শিকার হয়ে আর কত নারী-কিশোরী হারিয়ে যাবে অন্ধকারের পথে?

চাকরির প্রলোভনে নারী ও শিশু পাচারের এই ভয়াবহ চক্রের শেকড় খুঁজে বের করা এবং জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।