...|...|...

খেলা

বাংলাদেশি ক্লাবের হয়ে খেলবেন ব্রাজিলের রবিনহো

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫০
Shares
বাংলাদেশি ক্লাবের হয়ে খেলবেন ব্রাজিলের রবিনহো

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। ছবি: সংগৃহীত

দেশের ফুটবলের অন্যতম পরিচিত মুখ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোকে আবারও দলে ফিরিয়ে আনছে বসুন্ধরা কিংস। ক্লাবটির সাথে এরই মধ্যে ৩১ বছর বয়সী এই তারকার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নতুন মৌসুমে কিংসের আক্রমণভাগের শক্তি বাড়াতেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের হয়ে এর আগে চার মৌসুম খেলেছেন রবসন। এই সময়ে ৫৩ ম্যাচে তার গোলসংখ্যা ৩৪। মাঠে তার গতি, বল নিয়ন্ত্রণ ও গোল করার দক্ষতার কারণে ঢাকার ফুটবলে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

কিংস ছাড়ার পর ব্রাজিলের ক্লাব একুয়া সানতায় খেলেছেন রবসন। সেখানে ছয় ম্যাচে অংশ নেওয়ার পর ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানে যোগ দেন তিনি। কলকাতার ক্লাবটির হয়ে ১১ ম্যাচে তিনটি গোল করেন এই ফরোয়ার্ড। তবে গত কয়েক মাস ধরে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে ছিলেন তিনি।

রবসনের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন, রবসনকে আবারও আমরা আনছি। চুক্তিও হয়ে গেছে। এর আগে আবাহনীতে খেলা এমেকা ওগবাগ নিশ্চিত হয়েছে। কেপ ভার্দের একজন ফুটবলারকে আনার চেষ্টা চলছে। চতুর্থ বিদেশি খেলোয়াড়ও নেওয়া হবে।

ফিফার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দল গঠনে নতুন করে সক্রিয় হয়েছে বসুন্ধরা কিংস। দেশীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ফুটবলার সংগ্রহেও জোর দিচ্ছে ক্লাবটি। এরই মধ্যে এমেকা ওগবাগকে দলে নেওয়া হয়েছে, পাশাপাশি আরও কয়েকজন বিদেশি খেলোয়াড় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রবসন রবিনহোর প্রত্যাবর্তনে কিংসের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ। এখন দেখার বিষয়, কয়েক মাস মাঠের বাইরে থাকার পর ঢাকার ফুটবলে ফিরে কত দ্রুত নিজের পুরোনো ছন্দে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।