...|...|...

খেলা

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, রাত ৯:২৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৭
Shares
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে আলবিসেলেস্তেদের দুই দশকের মহাকাব্যিক অধ্যায়ের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের দুই দিন পর, গত ২১ জুলাই চিঠিটি লিখেছিলেন মেসি। তবে বাবার শারীরিক অবস্থার অবনতি ও পরবর্তীতে তার মৃত্যুর কারণে বার্তাটি প্রকাশ করতে কিছুটা দেরি হয়। বিদায়ী চিঠিতে চিরস্মরণীয় ১০ নম্বর জার্সির মালিক আবেগ উগড়ে দিয়েছেন।’

২০০৫ সালের আগস্টে লাল কার্ড দেখে জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির। সেই সূচনা থেকে শুরু করে বহু সহ্য ও লড়াই পেরিয়ে তিনি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন মহিমান্বিত এক ক্যারিয়ার। আকাশী-সাদা জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫টি গোল এবং ৬৭টি অ্যাসিস্টের অনন্য রেকর্ড গড়েছেন এই জাদুকর।

কাতারের বিশ্বমঞ্চে ট্রফি উঁচিয়ে ধরার পাশাপাশি দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা শিরোপা রয়েছে তার ঝুলিতে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের প্রস্থানে বিশ্ব ফুটবলে নেমে এসেছে বিষাদ ও এক গভীর শূন্যতা।

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের সেই চিঠি
ফাইনালের পর থেকে এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর এবং অনেক ভেবেচিন্তে, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…

সিদ্ধান্তটি তখনো যেমন কষ্ট দিয়েছিল, আজও ভীষণ ব্যথা দেয়; তবে আমি বুঝতে পেরেছি যে এটাই সঠিক সময়। আমি শপথ করে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছিল, তার আগেও। এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং সবটুকু দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মনে আনন্দ এনে দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে আপনাদের বুক ফুলিয়ে গর্ব করার সুযোগ করে দিতে পারি।

সময় ফুরিয়ে আসছে, জীবনের একেকটি অধ্যায় শেষ হচ্ছে—আর এটি এমন এক অধ্যায় যা মেনে নেওয়া বড্ড কঠিন। আমি জাতীয় দলে খেলাকে ভালোবেসেছি, ভালোবাসি এবং চিরকাল ভালোবেসে যাবো। আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি; দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তাছাড়া, আমার পরে এমন কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে, যাদের সেখানে থাকার পূর্ণ অধিকার রয়েছে।

গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের সবার গলা ফাটানোর আওয়াজটা আমার ভীষণ মনে পড়বে। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে (সুসময়ে ও দুর্সময়ে, আরও জোরালোভাবে) হাততালি দেবো এবং সমর্থন জুগিয়ে যাবো।

আমার পরিবারকে ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে থেকেছে এবং এই সুন্দর অথচ কঠিন পথ চলায় আমার সঙ্গী হয়েছে। যেসব কোচ, সতীর্থ এবং ম্যানেজারের সাথে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সাথে করে নিয়ে যাচ্ছি সব অবিস্মরণীয় স্মৃতি আর মুহূর্ত।

আমার সতীর্থদের সাথে নিয়ে আপনাদের কিছু স্বপ্নীল মুহূর্ত উপহার দিতে পারার শান্তি ও গর্ব বুক নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে এই পুরো যাত্রাপথটা অনুভব করা ছিল অবিশ্বাস্য। আপনাদের সবাইকে অনেক ভালোবাসি!

ঈশ্বরকে ধন্যবাদ আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য।

এগিয়ে চলো আর্জেন্টিনা!