...|...|...

খেলা

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে আইসিসির যে নতুন পরিকল্পনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৪
Shares
বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে আইসিসির যে নতুন পরিকল্পনা

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই কেবল আইসিসি ও এশিয়া কাপের টুর্নামেন্টেই সীমাবদ্ধ।

তবে ভক্তদের প্রচণ্ড আগ্রহ ও বাণিজ্যিক দিক বিবেচনা করে এবার দুই দেশকে নিয়ে আরও বেশি ম্যাচ আয়োজনের নতুন পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম এবং ভারতের ‘সংবাদ প্রতিদিন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ সম্ভব না হওয়ায় কোনো নিরপেক্ষ ভেন্যুতে তিন বা চার দেশের বহুজাতিক সিরিজ আয়োজনের চিন্তা করা হচ্ছে। সেই প্রস্তাবিত সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও রাখা হতে পারে।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের নাম আলোচনায় রয়েছে। পাকিস্তান এই প্রস্তাবে আগ্রহী হলেও ভারতের অবস্থান এখনো স্পষ্ট নয়।

প্রস্তাবিত এই টুর্নামেন্ট আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

এদিকে চলতি সেপ্টেম্বরে ভারত দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। বিসিসিআই সূত্রের বরাতে জানা গেছে, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজটি ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ থেকে ২০২৭ চক্রের চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলেই দুই দেশের টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও নারী ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচটি হয়েছিল নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে।