...|...|...

খেলা

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের বড় জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৯
Shares
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের বড় জয়

ছবি: সংগৃহীত

ছেলেদের হতাশার বিপরীতে জুনিয়র এশিয়া কাপ হকিতে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। চীনের মকিতে ‘চ্যালেঞ্জার পুল’-এর ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। নবম মিনিটে লোমিনা নূপুরের গোলে এগিয়ে যাওয়ার পর ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। এরপর ৩৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে শারিকা রিমন গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল।

দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে পাকিস্তান একটি গোল শোধ করলেও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। এর মাত্র দুই মিনিট পর কনা আক্তারের গোলে ব্যবধান ৪-১ হয়। আর ৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার রিয়া গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘চ্যালেঞ্জার পুল’-এর শীর্ষে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।