...|...|...

বিনোদন

বলিউডের সবচেয়ে দামি ৫ অভিনেত্রী, কার পারিশ্রমিক কত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৬
Shares
বলিউডের সবচেয়ে দামি ৫ অভিনেত্রী, কার পারিশ্রমিক কত

ছবি: সংগৃহীত

বলিউডে একসময় পারিশ্রমিকের দিক থেকে নায়কদেরই আধিপত্য ছিল। তবে সময়ের সাথে বদলেছে সেই চিত্র। জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও বক্স অফিসে সাফল্যের সুবাদে এখন বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রীরাও। ভারতীয় চলচ্চিত্রজগতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একটি তালিকায় উঠে এসেছে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের নাম। তালিকায় তাদের অবস্থান এবং সিনেমাপ্রতি পারিশ্রমিকের পরিমাণও তুলে ধরা হয়েছে।

ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন এই তারকারা। তাদের মধ্যে কারও পারিশ্রমিক সিনেমাপ্রতি ৩০ কোটি টাকা পর্যন্ত, আবার কারও পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে। চলুন জেনে নেওয়া যাক, কোন অভিনেত্রী কত পারিশ্রমিক নেন।

১. প্রিয়াঙ্কা চোপড়া

তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে পরিচিতি পান প্রিয়াঙ্কা। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।

এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। অন্যদিকে, ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়ে তার। হলিউডের ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা।

২. দীপিকা পাড়ুকোন

দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি।

পরবর্তী সময়ে ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন দীপিকা। ‘পিকু’ সিনেমায় তার অভিনয়ও প্রশংসিত হয়। হলিউডের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি দীপিকার পারিশ্রমিক ১৫ থেকে ৩০ কোটি টাকা।

৩. কঙ্গনা রনৌত

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কঙ্গনা রনৌত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। প্রথম সিনেমা থেকেই অভিনয় দিয়ে নজর কাড়েন কঙ্গনা।

‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ‘কুইন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিজের দক্ষতা দেখিয়েছেন কঙ্গনা। ২০২৪ সালে তার পরিচালিত ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে আলোচনায় আসেন তিনি। আইএমডিবির তথ্য বলছে, সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা।

৪. ক্যাটরিনা কাইফ

চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পা রাখা এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হয় ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে। শুরুর দিকে ভাষাগত সীমাবদ্ধতা ও অভিনয় নিয়ে সমালোচনা থাকলেও পরবর্তী সময়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

‘নমস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা। নাচের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’-এ অভিনয় করেও আলোচনায় ছিলেন এই তারকা। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা।

৫. আলিয়া ভাট

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। অল্প সময়েই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়ার বড় পর্দায় অভিষেক হয় ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে।

এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান আলিয়া। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। বলিউডের পাশাপাশি হলিউডেও অভিষেক হয়েছে তার। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় গ্যাল গ্যাডটের সাথে অভিনয় করেন আলিয়া। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা।