...|...|...

বিনোদন

‘চাম্মাক চাল্লো’র পর ‘ড্যাডি কুল’, ১৫ বছর পর একসাথে শাহরুখ-কারিনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৮
Shares
‘চাম্মাক চাল্লো’র পর ‘ড্যাডি কুল’, ১৫ বছর পর একসাথে শাহরুখ-কারিনা

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসাথে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেছে তাদের। পুরোনো এই জুটিকে একসাথে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। তবে গানটি প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন, আবার কেউ কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নতুনত্বের অভাব দেখছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। গানটি মূলত ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’-এর বলিউডি সংস্করণ। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগে ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে শাহরুখ ও কারিনার রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও তাদের একসাথে দেখে সেই পুরোনো দিনের স্মৃতিতে ফিরেছেন ভক্তরা।

‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানটির নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সাথে আবারও... গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শাহরুখ-কারিনার এই পুনর্মিলনকে স্বাগত জানিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’, আর এবার ‘ড্যাডি কুল’ এই জুটির রসায়ন কখনো পুরোনো হওয়ার নয়। তাদের একসাথে দেখার মধ্যে আলাদা এক নস্টালজিয়া কাজ করে।

গানটিতে শাহরুখের উপস্থিতিও প্রশংসা পেয়েছে। এক দর্শকের মতে, পর্দায় কারিনা থাকলেও চোখ আটকে যায় শাহরুখের দিকেই। আবার অনেকে মনে করছেন, বয়স বাড়ার সাথে সাথে অভিনেতার পর্দার আকর্ষণ আরও বেড়েছে। কারিনার সৌন্দর্য ও অভিনব উপস্থিতিরও প্রশংসা করেছেন ভক্তরা।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। দর্শকদের একাংশের অভিযোগ, গানটির নাচের ধাপ ও কোরিওগ্রাফিতে তেমন নতুনত্ব নেই। একই ধরনের পরিবেশনা বারবার ব্যবহার করা হয়েছে। কেউ কেউ গানটির কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসিত হলেও প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে রসিকতা করেছেন কয়েকজন শ্রোতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার দ্বিতীয় গান এটি। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী সিনেমাটি। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর। শাহরুখ ও দীপিকা ছাড়াও এতে অভিনয় করেছেন কারিনা কাপুর, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।