ফরজ গোসল সম্পন্ন করার আগে নারীরা রান্নাবান্নাসহ ঘরের অন্যান্য কাজ করতে পারবেন কি না—এমন একটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক অনুসারীর প্রশ্নের জবাবে তিনি জানান, ফরজ গোসল থাকা অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ নিষিদ্ধ হলেও গৃহস্থালির কাজ করায় ইসলামে কোনো বাধা নেই।
শায়খ আহমাদুল্লাহ বলেন, গোসল ফরজ থাকা অবস্থায় মূলত পাঁচটি কাজ করা নিষিদ্ধ। এগুলো হলো—নামাজ পড়া, কাবা শরিফ তাওয়াফ করা, মসজিদে অবস্থান করা, পবিত্র কোরআন স্পর্শ করা এবং তিলাওয়াত করা।
এই পাঁচটি কাজ ছাড়া অন্য যেকোনো সাধারণ কাজ করা বৈধ বলে জানান তিনি। শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘কোনো নারী যদি সহবাসের পর গোসল করার আগে রান্নাবান্না করেন, ঘরের কাজ করেন কিংবা সন্তানকে দুধ পান করান, তবে তা শরিয়ত অনুযায়ী সম্পূর্ণ জায়েজ।’
সমাজে প্রচলিত কুসংস্কার বিষয়ে এই ধর্মীয় আলোচক বলেন, অনেক সময় না জেনে নারীদের ওপর নানা অপ্রয়োজনীয় কড়াকড়ি আরোপ করা হয়। যেমন কেউ যদি গোসল না করে সাহরি খেয়ে রোজা শুরু করেন, তাহলেও রোজার কোনো ক্ষতি হয় না।
তবে ফরজ গোসল যত দ্রুত সম্ভব সম্পন্ন করাই উত্তম বলে উল্লেখ করেন তিনি। গোসল করতে দেরি হলে অন্তত ওজু করে নেওয়া ভালো। শায়খ আহমাদুল্লাহ সহিহ মুসলিমের হাদিস উল্লেখ করে জানান, মহানবী (সা.) গোসল ফরজ হওয়ার পর অন্য কাজ করা বা ঘুমানোর আগে ওজু করার পরামর্শ দিয়েছেন। তবে ওজু না করলেও কোনো গুনাহ হবে না।


