...|...|...

খেলা

প্রস্তুতি ম্যাচে লিটনদের উড়িয়ে সোহানদের জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৬
Shares
প্রস্তুতি ম্যাচে লিটনদের উড়িয়ে সোহানদের জয়

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে চলতি সপ্তাহেই ঢাকা ছাড়বে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হন ক্রিকেটাররা। এতে লিটন দাসের নেতৃত্বাধীন ‘এ’ দলকে বড় ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের ‘বি’ দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান তোলে ‘এ’ দল। জবাবে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন সোহানরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ‘বি’ দলকে শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। নাঈম ২৬ বলে ২৯ রান করে আউট হলেও এক প্রান্ত ধরে রেখে ফিফটি তুলে নেন সৌম্য। ৪৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

শেষ দিকে সাব্বির রহমানের ২৬ এবং অধিনায়ক সোহানের ১৩ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে সহজ জয় পায় দল।

এর আগে ‘এ’ দলের হয়ে ওপেনার সাইফ হাসান (১৬) দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। লিটন ১৬ রানে থামলেও ৪৬ বলে ৫৫ রান করেন তানজিদ তামিম।

তবে টপ অর্ডারের বিদায়ের পর ধসে পড়ে মধ্যম সারি। তাওহীদ হৃদয় (৪), ইয়াসির আলী রাব্বি (১৪) ও শেখ মেহেদী (৭) ব্যর্থ হলে লড়াকু পুঁজি গড়তে ব্যর্থ হয় ‘এ’ দল।

বল হাতে চমৎকার পারফর্ম করেছেন ‘বি’ দলের পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসেনও নিয়ন্ত্রিত বোলিং করেন। অন্যদিকে ‘এ’ দলের হয়ে নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শেখ মেহেদী ও রুয়েল মিয়া একটি করে উইকেট পান।