...|...|...

বরিশাল

প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় লোডশেডিং, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৫০
Shares
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় লোডশেডিং, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য চলার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একইসাথে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে দেশের সব জেলার সাথে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।

তবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই কনফারেন্সস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ ফিরে আসে। ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও শুধু উপজেলা মিলনায়তনে বিদ্যুৎ চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পরদিন রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদফতরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। এতে জিএম মো. আলতাপ হোসেনকে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয় এবং সোমবার (১৪ সেপ্টেম্বর) সেখানে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

একই আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জেনারেল ম্যানেজারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, তিনি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানিয়েছিলেন। এরপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্যান্য স্থানে তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। তার ধারণা, যোগাযোগের ঘাটতির কারণেই এ ঘটনা ঘটেছে। পরে তিনি জানতে পারেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান বলেন, ইউএনওর কার্যালয়ে বিদ্যুৎ ছিল না- এমন অভিযোগ পাওয়ার পর পল্লী বিদ্যুতের লাইনম্যানরা সেখানে গিয়ে বিষয়টি দেখেন। তাদের ধারণা ছিল, ইউএনও কার্যালয়েই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ওই কার্যালয়ের বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছিল।

তিনি বলেন, লাইন বন্ধ করার পরই কনফারেন্সস্থল উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করে জানানো হয়। এ সময় প্রায় দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল। সকাল ৯টা ৪২ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন হয়ে ৯টা ৪৪ মিনিটে আবার চালু হয়।

কামরুজ্জামান আরও বলেন, ধারণা করা হচ্ছে, এ ঘটনার কারণেই পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।