বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) ও সেলিওর মতো ব্র্যান্ড বাংলাদেশ থেকে পাওয়া অর্ডারের একটি অংশ ভারতসহ এশিয়ার অন্য উৎপাদনকেন্দ্রে সরিয়ে নিয়েছে। এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে প্রতিবেশী ভারত।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার বা ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের অর্ডার সরিয়ে নেওয়া হয়েছে। এর বেশির ভাগই গেছে ভারতে। কারখানার তিন মালিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথমার্ধে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে তাদের মাসিক অর্ডারের প্রায় ১০ শতাংশ অন্য দেশে সরিয়ে নেয়।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট, কাঁচামালের দাম ও রাজনৈতিক অনিশ্চয়তা দেশের উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক অবস্থানকে চাপে ফেলেছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারের বেশি। দেশের রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল।
ভারতসহ অন্য দেশেও যাচ্ছে অর্ডার
অর্ডার সরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন ক্রেতারা বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত বুধবার বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। তবে চার দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির ঘটনা। শ্রমিকদের দাবি ছিল মজুরি দ্বিগুণেরও বেশি করা। দাবি পূরণ না হওয়ায় নতুন করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে আশা প্রকাশ করেন, শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন।
শিল্প উদ্যোক্তাদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও কমে আসবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো কম।
কারখানার মালিকদের বরাত দিয়ে রয়টার্স জানায়, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিয়েছে। তবে এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি জারার মালিক প্রতিষ্ঠান ইনডিটেক্স, এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, পরিষেবা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়ছে। তিনি বলেন, ‘ক্রেতারা যখন কম দাম চাইছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধি উৎপাদন ব্যয় আরও বাড়িয়েছে।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ব্র্যান্ডগুলোর নাম প্রকাশ না করে বলেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার ফলে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব হচ্ছে।
ভবিষ্যৎ অর্ডার হারানোর শঙ্কা
কারখানার মালিকদের বড় উদ্বেগ, সাময়িকভাবে সরিয়ে নেওয়া অর্ডারের পর ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। ক্রেতারা এখন নতুন করে কোন দেশ থেকে পোশাক তৈরি করাবেন, তা বিবেচনা করছেন।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন তৈরি হওয়ায় বাংলাদেশের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোনো কোনো কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে পণ্য সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার ভাষ্য, ভারতে বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করা সম্ভব। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন পর্যন্ত সময় কমাতে পারে। এসব দেশে উৎপাদন থেকে পণ্য সরবরাহে সাধারণত ৬০ থেকে ৯০ দিন লাগে, যেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকার আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের কাজ জমে গেছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা বিবেচনা করছে।
ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে নতুন অর্ডারও আসছে না। তিনি বলেন, ‘নভেম্বরের ১ তারিখ থেকে আমার বেশির ভাগ ক্রেতা অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা আমাদের বলছেন, আমাদের অর্ডার সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে এবং তারা এরই মধ্যে বিকল্প ব্যবস্থা খুঁজে নিয়েছেন।’
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ঢাকায় ফেরার সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও শিল্প খাতের উদ্বেগ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরীর সতর্কবার্তা, অস্থিরতার সময়ে অন্য দেশে সরিয়ে নেওয়া অর্ডার পরিস্থিতি স্বাভাবিক হলেও আর বাংলাদেশে নাও ফিরতে পারে। তার ভাষায়, সাময়িক অর্ডার স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি ক্রয় সিদ্ধান্তে পরিণত না হয়, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।



