জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে আনা হয়েছে পরিবর্তন। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নিয়োগ দেওয়া হয়েছে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। একই সাথে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যে এসব পরিবর্তন আনা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যান দফতরে সংযুক্ত করা হয়েছে। তিতাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আরপিজিসিএলের এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
অন্যদিকে, বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাপেক্সের বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে।


