পিরোজপুরের কাউখালী উপজেলায় টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নদীতে টহল শেষে ফেরার সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে নৌ পুলিশের সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হামলাকারীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেনসহ ছয় সদস্য আহত হন। গুরুতর আহত কনস্টেবল মো. জাকির হোসেনকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করা হয়। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
পরে স্থানীয়দের সহায়তায় কাউখালী থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেছেন।
মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শান্ত (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


