...|...|...

রাজনীতি

পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৪
Shares
পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস

প্রায় সাড়ে পাঁচ মাস পর জাতীয় সংসদে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করার পাশাপাশি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও যোগ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে পৌঁছালে দফতরের কর্মকর্তারা মির্জা আব্বাসকে স্বাগত জানান। পরে তিনি তার জন্য নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে দিনের দাফতরিক কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন মির্জা আব্বাস।

এদিকে, বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমেও অংশ নেন তিনি।

অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য সুরাইয়া জেরিন দাঁড়িয়ে মির্জা আব্বাসের সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

এর আগে বিদেশে চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর বুধবার রাতে দেশে ফেরেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।