ইসরায়েলে নতুন সরকার গঠনের পথ এখনও অনিশ্চিত থাকলেও দেশটির পার্লামেন্ট বা নেসেটে বড় ধরনের রাজনৈতিক রদবদলের প্রস্তুতি চলছে। চ্যানেল ১২-এর এক প্রতিবেদন অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ জোট নিজেদের এবং আরব দলগুলোর সম্মিলিত ভোটকে কাজে লাগিয়ে লিকুদ পার্টির সদস্য ও বর্তমান নেসেট স্পিকার আমির ওহানাকে তার পদ থেকে অপসারণের পরিকল্পনা করছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী এই ব্লকের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইয়েসরায়েল বেইতেনু দলের সংসদ সদস্য ওডেড ফোরের এবং ইয়াশার জোটের এলাজার স্টার্ন-এর নাম নিয়ে অভ্যন্তরীণ মহলে আলোচনা চলছে।
এদিকে ভোট গণনার সর্বশেষ ফল অনুযায়ী, চলমান এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন নিয়ে অবস্থান করছে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৪৯ এবং আরব দলগুলোর আসনসংখ্যা ১৭-তে দাঁড়িয়েছে। এর ফলে নেতানিয়াহু-বিরোধী এই সম্মিলিত ব্লকের মোট আসনসংখ্যা গিয়ে ঠেকেছে ৬৬টিতে।


