নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিশু শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আতিয়া (১১) নামে এক শিক্ষার্থী মারা যায়। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ।
বুধবার সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জীদনী। এ সময় তার শরীরে ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশু শিক্ষার্থী লামিয়া ৫৫ শতাংশ ফ্ল্যাশ বার্ন নিয়ে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে তুলনামূলক কম বার্ন নিয়ে ভর্তি হওয়া আছিয়া ও সুমাইয়ার ক্লিনিক্যাল কন্ডিশন বর্তমানে স্থিতিশীল। তাদের ওয়ার্ডে শিফট করা হয়েছে।
উল্লেখ্য শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ছাদে এ ঘটনা ঘটে।


