রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি এবং লুণ্ঠিত অর্থের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার করা অভিযুক্তরা হলেন তানভীর আবেদীন ওরফে জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও সজল চৌধুরী (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডি ১২/এ নম্বর সড়কের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে মো. খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তির পথরোধ করে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ও ধানমন্ডি মডেল থানা পুলিশের সহায়তায় তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থেকে ক্যাপ্টেন জাকিরকে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান চালিয়ে বাকি পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
অভিযানের ফলাফলে পুলিশ জানায়, গ্রেফতার জাকারিয়া হোসেনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা নগদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


