পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি নির্বিঘ্নে দেশে ফিরেছেন। শনিবার (২৭ জুন) প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে তারা দেশে প্রত্যাবর্তন করেন। ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছেন ৬৩ হাজার ৮৩৮ জন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সর্বমোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনের বিবরণ অনুযায়ী, ফিরতি কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি ফ্লাইটে ৩১ হাজার ৯৮১ জন, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ১৪৯ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৯৬৭ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ২০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি হাজিরাও নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
চিকিৎসা ও সেবামূলক কার্যক্রমের তথ্যে জানানো হয়, ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া, সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৭ হাজার ৮৬ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। পাশাপাশি মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে সহায়তা করেছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয়েছিল এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন হয়। এরপর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে। এবার বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।

