...|...|...

জাতীয়

দুদকের ১২ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
দুদকের ১২ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সম্প্রতি দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল হওয়া উপপরিচালক এম এম শাব্বির হাসান।

সোমবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত উপপরিচালক এম এম শাব্বির হাসানকে বদলি করে ঢাকার প্রধান কার্যালয়ে উপপরিচালক (পরিদর্শন) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত থাকা উপপরিচালক মো. আল-আমিনকে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে এবং প্রধান কার্যালয়ের গণসচেতনতা ও গণশুনানি-২ শাখায় কর্মরত উপপরিচালক মো. আবু সাইদকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকজনকে বিভিন্ন দপ্তর ও কার্যালয়ে বদলি করা হয়েছে। প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখায় কর্মরত মো. আবুল কালাম আজাদকে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ে এবং মানিলন্ডারিং-২ শাখার মো. এমরান হোসেনকে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

প্রশিক্ষণ ও রেকর্ড শাখা থেকে আসাদুজ্জামানকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৩ শাখায়, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা ইউনিটে এবং মো. শফিকুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ শাখায় পদায়ন করা হয়েছে।

একই আদেশে সহকারী পরিচালক আমির হোসেনকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-২ শাখায় এবং মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয় থেকে ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। মো. হোসেন আলীকে কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অপর সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয়ের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক স্বার্থে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।