...|...|...

বিশ্ব

তেল আবিবেই বিক্ষোভের মুখে বেন-গভির, বাধ্য হয়ে ছাড়লেন মঞ্চ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৬
Shares
তেল আবিবেই বিক্ষোভের মুখে বেন-গভির, বাধ্য হয়ে ছাড়লেন মঞ্চ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে অনুষ্ঠানস্থল ছাড়তে হয়েছে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে। রবিবার (১৮ অক্টোবর) একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্য চলাকালে বিক্ষোভকারীরা ‘এখানে ফ্যাসিবাদ চলবে না’ স্লোগান দেন। পরে নিরাপত্তাকর্মীদের পাহারায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

‘দ্য টাইমস অব ইসরায়েল’ ও আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৮ অক্টোবর তেল আবিব বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নেন বেন-গভির। এ সময় বিক্ষোভকারীরা তাঁর বক্তব্যে বাধা দেন। তাঁরা স্লোগান দেওয়ার পাশাপাশি অবস্থান কর্মসূচিও পালন করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে নিরাপত্তাকর্মীদের পাহারায় অনুষ্ঠানস্থল ছাড়েন বেন-গভির।

অনুষ্ঠানে বেন-গভির প্রশ্ন তোলেন, ‘গণতন্ত্রের কী হলো?’ তিনি অভিযোগ করেন, আরব-অধ্যুষিত রাজনৈতিক দল রা’আম ও জয়েন্ট লিস্টের নেতাদের পাশাপাশি বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও তাঁকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।

বক্তব্যে বেন-গভির ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ওই হামলায় ইসরায়েলিদের বামপন্থী বা ডানপন্থী হিসেবে আলাদা করা হয়নি; ইহুদি হওয়ার কারণেই তাঁদের হত্যা করতে চাওয়া হয়েছিল।

এ সময় গাজা নিয়েও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন বেন-গভির। তিনি বলেন, গাজা পুরোপুরি দখল করতে চান তিনি এবং সেখানে হামাসের উপস্থিতি থাকা উচিত নয়।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে দেশটির রাজনীতিতে কট্টর ডানপন্থী দলগুলোর অবস্থান ও ভূমিকা নিয়ে আলোচনা চলছে।