দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে দুর্দান্ত ত্রিশতক তুলে নিয়ে বাংলাদেশ ‘এ’ দলকে স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে এগিয়ে দিয়েছেন তিনি।
পচেফস্ট্রুমে সিরিজের প্রথম ইনিংসে ব্যাট করে ৫১২ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রানে পরিণত হয়েছিল সফরকারীরা। তবে সেখান থেকে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়।
প্রথমে জাকের আলী ও পরে মোহাম্মদ সাইফউদ্দিনকে সাথে নিয়ে দারুণ প্রতিরোধ গড়েন হৃদয়। এরই ধারাবাহিকতায় ব্যক্তিগত দ্বিশতক পূর্ণ করেন তিনি।
এরপর হৃদয় আরও আগ্রাসী ও দৃঢ় ব্যাটিংয়ে তিনশ রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ ‘এ’ ছবির সর্বশেষ স্কোর অনুযায়ী, ৪৫০ বলে ৩০০ রানে অপরাজিত আছেন হৃদয়। তার ইনিংসে রয়েছে দীর্ঘ সময় উইকেটে থাকার অসাধারণ দক্ষতা।
হৃদয়ের ত্রিশতকের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ এখন ৮ উইকেটে ৬১১ রান। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ‘এ’ এর ৫১২ রানের প্রথম ইনিংসের জবাবে বাংলাদেশ এগিয়ে গেছে ৯৯ রানে। অন্য প্রান্তে রেজাউর রহমান রাজা ৮০ বলে ১৭ রানে অপরাজিত আছেন।
হৃদয়ের এই ইনিংস শুধু বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েই আনেনি, দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিজের সামর্থ্যেরও বড় প্রমাণ দিয়েছে। এর আগে ম্যাচের তৃতীয় দিনে তিনি ৩৩৫ বলে দ্বিশতক পূর্ণ করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল টেস্টে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। সেই হতাশার পর দ্বিতীয় ম্যাচে হৃদয়ের নেতৃত্বাধীন দলের এমন ব্যাটিং ঘুরে দাঁড়ানোর বড় বার্তা দিচ্ছে।
এখন বাংলাদেশের লক্ষ্য প্রথম ইনিংসের লিড আরও বড় করা। আর সেই লড়াইয়ে সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠেছেন তাওহীদ হৃদয় অপরাজিত ৩০০।


