বাংলাদেশের পেসার খালেদ আহমেদের ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলবেন তিনি। মৌসুমের শেষভাগের গুরুত্বপূর্ণ চার ম্যাচের জন্য তাকে দলে নিয়েছে কেন্ট।
বুধবার (২ সেপ্টেম্বর) উস্টারশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে মাঠে নামার কথা খালেদের। এরপর ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুস্টারশায়ারের বিপক্ষেও খেলবেন তিনি। প্রমোশনের লড়াইয়ে থাকা কেন্টকে সহায়তা করতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন এই পেসার।
কেন্টে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খালেদ। তিনি বলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ কিছু। মৌসুমের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। দলকে প্রমোশনের লক্ষ্যে পৌঁছাতে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত আছি।’
কাউন্টিতে খেলার সিদ্ধান্ত নেওয়াও তার জন্য কঠিন ছিল না। হাসান মাহমুদ ও নিজের এজেন্টের কাছ থেকে কেন্ট সম্পর্কে ইতিবাচক কথা শুনেছেন তিনি। খালেদ বলেন, ‘তাদের কাছ থেকে শুনেছি, ক্লাবটির পরিবেশ অনেকটা পরিবারের মতো। আশা করি, কেন্টের সদস্য সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও গর্বিত করতে পারব।’
খালেদকে দলে পেয়ে সন্তুষ্ট কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক। তিনি বলেন, ‘আমরা এমন একজন বোলার খুঁজছিলাম, যিনি দ্রুত দলের শক্তি বাড়াতে পারবেন এবং মৌসুমের শেষদিকে ভারসাম্য আনতে ভূমিকা রাখবেন।’
বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে কেন্টের সমর্থকদের আগ্রহের কথাও জানান কুক। হাসান মাহমুদ দলে যোগ দেওয়ার পর বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী কেন্টকে অনুসরণ করছেন। খালেদের যোগদানে সেই আগ্রহ আরও বাড়বে বলে আশা তার।
২০১৫ সালে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খালেদের। ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯০ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে ১৮টি টেস্টে তার শিকার ৩৪ উইকেট। সর্বশেষ গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্টে খেলেছিলেন এই পেসার।


