...|...|...

ঢাকা

তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৩
Shares
তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী ও এক পুরুষ নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। বাসা নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকত। শনিবার রাতে ঘর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেন। এ সময় ওই পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়।

ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তবে নিহতদের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে জামগড়া থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।