...|...|...

অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

ছবি: সংগৃহীত

উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই নতুন কর্মসূচির আওতায় ২৮ বছর বয়স পর্যন্ত তরুণদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ঋণের পাশাপাশি সমপরিমাণ অনুদানের ব্যবস্থা। একজন উদ্যোক্তা তার ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থাৎ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। জমি বা অন্য কোনো সম্পদ জামানত রাখা ছাড়াই তরুণদের এই সুবিধা দেওয়া হবে।

কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় একটি তফসিলি ব্যাংককে ‘লিড ব্যাংক’ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। যেকোনো তফসিলি ব্যাংকের স্থানীয় শাখায় আবেদন করা যাবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বাস্তবসম্মত ব্যবসার পরিকল্পনা থাকতে হবে। তবে আগে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি বা সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবেন না।

কৃষি, মৎস্য, হস্তশিল্প থেকে শুরু করে ফিনটেক, এডটেক, এগ্রিটেকের মতো প্রযুক্তিনির্ভর যেকোনো ব্যবসায়িক উদ্যোগে এই অর্থায়ন মিলবে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে ঋণ ও অনুদান ছাড়ের নির্দেশনা রয়েছে। কোনো আবেদন বাতিল হলে তার লিখিত কারণ কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

শুধু অর্থ প্রদানই নয়, উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স, টিআইএন প্রাপ্তি, ব্যবসায়িক প্রশিক্ষণ ও বাজারসংযোগ তৈরির চিকিৎসাও দেবে ব্যাংকগুলো। তবে ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার না করলে অনুদানের অর্থও ঋণে পরিণত হবে। লিড ব্যাংকের মাধ্যমে মাঠপর্যায়ে সঠিক উদ্যোক্তা বাছাই ও তদারকি নিশ্চিত করাই এখন এই উদ্যোগের প্রধান চ্যালেঞ্জ।