রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৪ হাজার ২৬০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। এ সময় ১ হাজার ২৮৬টি গাড়ি ডাম্পিং এবং ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ট্রাফিক বিভাগের আটটি অঞ্চলের মধ্যে গুলশান বিভাগে সবচেয়ে বেশি মামলা হয়েছে। এ বিভাগে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ১ হাজার ২৯৪টি মামলা করা হয়। মতিঝিল বিভাগে ৬৩৮টি, উত্তরা বিভাগে ৬১০টি, ওয়ারী বিভাগে ৫৩৫টি এবং মিরপুর বিভাগে ৫০৪টি মামলা হয়েছে।
এ ছাড়া লালবাগ বিভাগে ২৪৯টি, তেজগাঁও বিভাগে ২৫৬টি এবং রমনা বিভাগে ১৭৪টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগভিত্তিক তথ্যে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে উল্লেখযোগ্যসংখ্যক মামলা করার বিষয়টি উঠে এসেছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, আইন অমান্য করে গাড়ি চালানো বন্ধ করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।


