দার্শনিক কবি, চিন্তাবিদ ও মুসলিম পুনর্জাগরণের অন্যতম প্রধান অনুপ্রেরণা আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা ও বিদ্যায়তনিক আয়োজন ‘উই অ্যান্ড ইকবাল ২০২৬’ (We and Iqbal 2026)।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এইচ. ই. ইমরান হায়দার এবং বাংলাদেশে নিযুক্তক ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও ইকবাল-গবেষক ফাহমিদ-উর-রহমান।
অনুষ্ঠানের পর্বে আরো উপস্থিতি রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাবুর খান, উর্দু বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং লেখক, চিন্তক ও পুষ্টিবিদ মোহাম্মদ সাজাল।
আলোচনায় আল্লামা ইকবালের সাহিত্য, দর্শন, আত্মপরিচয়, আত্মমর্যাদাবোধ ও মানবমুক্তির চিন্তার বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে সমকালীন সমাজ ও বাস্তবতায় ইকবালের দর্শনের প্রাসঙ্গিকতা, বিশেষত তার ‘খুদি’ বা আত্মসত্তার দর্শন এবং মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক জাগরণ নিয়ে আলোচনা হয়।
বক্তারা ইকবালের চিন্তা ও দর্শনকে কেবল সাহিত্যিক পরিসরে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এর প্রয়োগ এবং সমকালীন প্রজন্মের কাছে তার দর্শন পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
‘উই অ্যান্ড ইকবাল ২০২৬’ আয়োজনটি আল্লামা ইকবালের চিন্তা, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন এবং সমকালীন প্রেক্ষাপটে তাঁর দর্শনের পুনর্পাঠের একটি বুদ্ধিবৃত্তিক প্রয়াস হিসেবে অনুষ্ঠিত হয়।

