...|...|...

সারাদেশ

বাস উল্টে প্রাণ গেল কাস্টমস কর্মকর্তার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২০
Shares
বাস উল্টে প্রাণ গেল কাস্টমস কর্মকর্তার

নিহত কাস্টমস কর্মকর্তা আবদুল আলীম (৩৬) । ছবি: সংগৃহীত।

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আবদুল আলীম (৩৬) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলীম সিলেট কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের একমাত্র ছেলে। আহতরা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান।  

নিহতের খালাতো ভাই আরিফ বলেন, ছুটিতে সিলেট থেকে ট্রেনে করে ফেনী এসেছিলেন আবদুল আলীম। পরে ফেনীর মহিপাল থেকে সিডিএম পরিবহনের বাসে করে বারইয়ারহাটের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহত ব্যক্তির স্বজনেরা হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।