অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের এইচএসসি পর্যায়ের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ৪২ শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী বিভিন্ন ঘটনা ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে এবং ৪২ জনকে ছাড়পত্র বা টিসি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ধত ঘটনার সাথে জড়িত থাকার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হতে সতর্ক করেছে কলেজ প্রশাসন।


