...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে। কেবল অক্টোবরের প্রথম ১৫ দিনেই প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।

এদিকে একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩০ জন। এ নিয়ে চলতি বছরে মোট ১ লাখ ১ হাজার ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।