...|...|...

চট্টগ্রাম

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারী ও অনাগত সন্তানের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩১
Shares
ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারী ও অনাগত সন্তানের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (২৬) নামের ৩৫ সপ্তাহের এক অন্তঃসত্ত্বা নারীর করুণ মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার গর্ভস্থ মৃত পুত্র সন্তান প্রসব হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ ছিল।

চলতি মাসের প্রথম সপ্তাহে জ্বর অনুভব করলে পরীক্ষা-নিরীক্ষার পর ৬ সেপ্টেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, অর্পিতা ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে ভুগছিলেন। রাতে নিবিড় পর্যবেক্ষণে রেখে রক্তের প্লাটিলেট দেওয়া হলেও শুক্রবার দুপুরে ১টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামেই সন্তান জন্মদানের এক মাস পর ডেঙ্গুতে রাশেদা বেগম রিমা নামের আরেক নারীর মৃত্যু হয়েছিল।