সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উর্ধ্বতন এক কর্মকর্তা।
তিনি জানান, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই তাকে ডেকেছে। কমিটিতে ডিবির একজন আছেন। অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। তাই তাকে ভাইরাল হওয়া অডিওর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে বুধবার ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিতে শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
অডিওতে ওই ব্যক্তি আরও অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা একই অবস্থানে নেই বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া পুলিশের ভেতরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় তাকে। ঘুষের বিনিময়ে পুলিশে পদায়নের কথাও উল্লেখ করেন তিনি।


