ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’ এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এ ঘটনায় ওয়েবসাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটে প্রবেশ করে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি দেখা যায়। এ ছাড়া ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল।
ওই সময় পোর্টালটির নিয়মিত সংবাদ ও অন্যান্য কনটেন্টের পরিবর্তে এসব রাজনৈতিক বার্তা ও ছবি প্রদর্শিত হচ্ছিল। ঘটনার পর একপর্যায়ে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না।
তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সাথে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

