পরিবারের অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো চক্ষু চিকিৎসা নিতে পারেন না। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৮ আগস্ট) বগুড়ায় প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ডা. জুবাইদা রহমানের উদ্যোগে আয়োজিত এক দিনের এ ক্যাম্পে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজে এসে ভিড় করেন।
জানা গেছে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় থাকা ৫০০ জনকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের বিনামূল্যে লেন্সসহ ছানি অস্ত্রোপচারের জন্য বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচার ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ সেক্টর) আহমেদ তাহের হামিদ আলী। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি চশমা বিতরণ করা হয়। ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলে সার্বিক কার্যক্রম তদারকি করেন জেলা বিএনপির নেতারা।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, প্রবীণ নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আফসারুল হাবিব রোজ, আমিনুল হক দেওয়ান সজল, ডা. ইউনুস আলী, আলনুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফ্রি ক্যাম্পিং ম্যানেজার মো. ওবায়দুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন এবং গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু।
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মানবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসাসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


