...|...|...

খেলা

ট্রফি নেই, তবুও ব্যালন ডি’অর নিজের বলে দাবি এমবাপ্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:০৭
Shares
ট্রফি নেই, তবুও ব্যালন ডি’অর নিজের বলে দাবি এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে । তবু ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে নিজেকেই দেখছেন ফরাসি তারকা। তার দাবি, ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এবারের পুরস্কার জয়ের যোগ্য তিনি।

মঙ্গলবার ফ্রান্স ফুটবল ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর সাক্ষাৎকারে নিজের মত জানিয়েছেন এমবাপে। আগামী ২৬ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ ও লা লিগায় ২৫ গোল করেছেন এমবাপ্পে । এরপর ২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ব্যালন ডি’অর নিয়ে এমবাপে বলেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি ব্যালন ডি’অর জিততে পারি। এটা আমার অন্যতম লক্ষ্য, এবং এটা খুব কাছের ভবিষ্যতের লক্ষ্য। অনেকে বলছেন, আমি কোনো ট্রফি জিতিনি ক্লাবের হয়ে কিংবা দেশের হয়ে। কিন্তু এটা তো ব্যক্তিগত পুরস্কার। আমি কখনো দেখিনি, কোনো ব্যালন ডি’অর বিজয়ী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।’

নিজের যুক্তি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘কোনো খেলোয়াড় কি কখনো ১০০ শতাংশ ভোট পেয়েছে? পায়নি। তার মানে সবসময়ই এমন কেউ থাকে, যে মনে করে বিজয়ী খেলোয়াড়টি পুরস্কার পাওয়ার যোগ্য ছিল না।’

মেসি-রোনালদোর যুগ থেকেই ব্যালন ডি’অর সম্পর্কে নিজের ধারণা তৈরি হয়েছে বলে জানান এমবাপ্পে । তার ভাষায়, ‘আমার ব্যালন ডি’অরের ধারণাটা এসেছে মেসি ও রোনালদোর যুগ থেকে। এই পুরস্কার সাধারণ খেলোয়াড়দের দেওয়া হয় না,দেওয়া হয় এমন খেলোয়াড়দের, যারা অন্যদের থেকে আলাদা। আমি মনে করি, এ বছর আমি এমন কিছু করেছি, যা অন্যদের থেকে আলাদা। তাই আমি বিশ্বাস করি, আমি এটা জিততে পারি।’

নিজেকে এবারের ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন কি না এমন প্রশ্নে এমবাপ্পে বলেন, ‘আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না। আমরা অর্জনের কথা বলছিলাম। বড় বড় প্রতিযোগিতায়, যেখানে বিশ্বের সব সেরা খেলোয়াড় অংশ নেয়, সেখানে এত গোল করা বিশেষ করে বিশ্বকাপে। একই সাথে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া, ছুটিতে থাকার সময়ও মানুষ আমার সাথে এসব নিয়েই কথা বলেছে।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিকে বিশেষ অর্জন মনে করেন এমবাপ্পে । মেসিকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নেওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন তিনি।

এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ আসলে কী বোঝায়, সেটা পুরোপুরি উপলব্ধি করা কঠিন। এটা বিশ্বের সেরা খেলোয়াড়দের, তারকাদের, ফুটবল ইতিহাসের সর্বকালের মহান খেলোয়াড়দের মঞ্চ। আর ২৭ বছর বয়সেই যখন আপনি নিজেকে বলতে পারেন যে এই প্রতিযোগিতায় আপনার গোলই সবচেয়ে বেশি তখন বিষয়টি সত্যিই অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘আর বিষয়টি আরও বিশেষ, কারণ রেকর্ডটি আমি লিও মেসির কাছ থেকে নিয়েছি যাকে অনেকেই ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন। এটা সত্যিই দারুণ। এ ধরনের অর্জনই একজন খেলোয়াড়কে অন্যদের থেকে আলাদা করে।’

এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় এমবাপ্পে ছাড়াও আছেন লিওনেল মেসি, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। ২৬ অক্টোবর জানা যাবে, ট্রফি ছাড়াই ব্যক্তিগত পারফরম্যান্সের জোরে এমবাপে ব্যালন ডি’অর নিজের করে নিতে পারেন কি না।