...|...|...

খেলা

ঘরোয়া ক্লাবের কাছে হারল বাংলাদেশ জাতীয় দল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১১
Shares
ঘরোয়া ক্লাবের কাছে হারল বাংলাদেশ জাতীয় দল

ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপের প্রস্তুতিতে হোঁচট খেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসির বিপক্ষে গোলে হেরেছে কোচ থমাস ডুলির দল। একমাত্র গোলে জাতীয় দলকে হারিয়েছেন ফর্টিসের নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকুয়ে।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্লোজড-ডোর প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। আসন্ন ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ম্যাচটি আয়োজন করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস যাচাই এবং বিভিন্ন পজিশনে কম্বিনেশন পরখ করাই ছিল এই ম্যাচের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে নিয়মিত অনুশীলন করছেন নতুন প্রধান কোচ থমাস ডুলি। তবে ফর্টিসের বিপক্ষে মাঠের লড়াইয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি তার শিষ্যরা।

শুক্রবারের ম্যাচে দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দেন ফর্টিসের নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকুয়ে। তার করা একমাত্র গোলেই জয় পায় ঘরোয়া ফুটবলের দলটি।

এর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয় দল। ফলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফর্টিসের কাছে হারটি কোচ ডুলির জন্য কিছুটা হতাশারই।

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ।গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর মালয়েশিয়া। র‍্যাংকিংয়ে শক্তিশালী এই দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিতে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের।

টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তার আগে প্রবাসী খেলোয়াড়দের ট্রায়াল এবং নতুন-পুরোনোদের সমন্বয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল গঠন করবেন কোচ।

ঘরোয়া ক্লাবের বিপক্ষে এই হার তাই ইন্দোনেশিয়া যাওয়ার আগে ডুলির দলের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে বাকি সময়টুকুতে দলকে আরও গুছিয়ে নেওয়াই এখন কোচের প্রধান লক্ষ্য।