...|...|...

খেলা

বাংলাদেশি শেকড়, ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে যা বললেন কুইন সুলিভান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৫
Shares
বাংলাদেশি শেকড়, ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে যা বললেন কুইন সুলিভান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় মুগ্ধ যুক্তরাষ্ট্রের ফুটবলার কুইন সুলিভান। বাংলাদেশের সাথে নিজের পারিবারিক শেকড়ের সম্পর্ক তুলে ধরে এই মিডফিল্ডার জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তাদের কাছে বিশেষ অনুভূতির। ভক্তদের এই ভালোবাসাকে কখনোই হালকাভাবে নেন না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বাংলাদেশের সমর্থন এবং নিজের পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা বলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা কুইন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের পতাকা ও সমর্থকদের বার্তা দেখে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। ভক্তদের উদ্দেশে কুইন বলেন, ‘আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ কিছু। অসাধারণ একটি ফ্যানবেস এবং আমরা আপনাদের সবাইকে ভালোবাসি।’

বাংলাদেশের সাথে কুইন সুলিভানের পারিবারিক সম্পর্কের সূত্র আরও গভীরে। তার দুই যমজ ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। বয়সভিত্তিক সাফ প্রতিযোগিতায় দেশের হয়ে ট্রফিও জিতেছেন তারা। বাংলাদেশের ফুটবলে দুই ভাইয়ের পরিচিতি বাড়ার সাথে সাথে তাদের পরিবারও এ দেশের সমর্থকদের ভালোবাসা কাছ থেকে অনুভব করেছে।

নিজের পারিবারিক ঐতিহ্য সম্পর্কে কুইন জানান, তার নানি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং এখানেই বেড়ে উঠেছেন। বর্তমানে তিনি বাংলাদেশেই বসবাস করছেন। পরে বাংলাদেশ থেকে বাইরে গিয়ে তার নানির সাথে নানার পরিচয় হয়। সেই সম্পর্কের মধ্য দিয়েই পরিবারের এই শেকড় তৈরি হয়েছে।

কুইনের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে পরিবারের সদস্যরা নিজেদের বাংলাদেশি ঐতিহ্য সম্পর্কে আরও বেশি জানতে ও বুঝতে চেষ্টা করছেন। বিশেষ করে তার যমজ ভাই রোনান ও ডেকলানের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন সম্পর্কে পরিবারের সচেতনতা বেড়েছে। এ ক্ষেত্রে পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের জাতীয় দলের হয়ে দুই ভাইয়ের খেলা এবং তাদের প্রতি দেশের সমর্থকদের আগ্রহ কুইনের কাছে পারিবারিক ঐতিহ্যের সাথে নতুন করে যুক্ত হওয়ার একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা তাই শুধু ফুটবলকেন্দ্রিক নয়, বরং তাদের পারিবারিক শেকড়ের সাথেও জড়িয়ে আছে।