ইসলামে পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধান। বিশেষ করে পুরুষের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরার বিষয়ে হাদিসে কঠোর সতর্কতা এসেছে। প্যান্ট, পায়জামা, লুঙ্গি কিংবা জুব্বা- যে পোশাকই হোক, তা টাখনুর নিচে ঝুলিয়ে পরাকে ইসলামে গুরুতর গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এ অবস্থায় কেউ নামাজ আদায় করলে তার নামাজ শুদ্ধ হবে কি না- এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।
টাখনুর নিচে কাপড় থাকলে নামাজের কী হবে?
ইসলামি বিধান অনুযায়ী, পুরুষের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরা থেকে বিরত থাকা জরুরি। এটি গুনাহের কাজ হলেও এর কারণে নামাজ সরাসরি বাতিল হয়ে যায় না। অর্থাৎ কেউ টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়লে, নামাজের অন্যান্য ফরজ-ওয়াজিব ও শর্ত যথাযথভাবে আদায় হলে তার নামাজ আদায় হয়ে যাবে।
তবে গুনাহের বিষয়টি আলাদা। তাই নামাজ শুদ্ধ হলেও ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা থেকে বিরত থাকা জরুরি।
হাদিসে রয়েছে কঠোর সতর্কতা
টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্ক করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ
অর্থ: ‘লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে।’ সহিহ বুখারি, ৫৭৮৭
এ হাদিস থেকে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরার ব্যাপারে সতর্কতার বিষয়টি স্পষ্ট হয়।
এ ছাড়া হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বর্ণনাতেও নামাজের সময় টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখার বিষয়ে কঠোর সতর্কবার্তা পাওয়া যায়। তবারানির ৯৩৬৮ নম্বর বর্ণনায় এ বিষয়ে উল্লেখ রয়েছে।
শুধু নামাজের সময় নয়
অনেকের ধারণা, টাখনুর ওপরে কাপড় রাখার বিধান শুধু নামাজের সময় প্রযোজ্য। ফলে জামাত শুরু হওয়ার আগে অনেকে প্যান্ট, পায়জামা বা লুঙ্গি টাখনুর ওপরে তুলে নেন। কিন্তু নামাজ শেষ হওয়ার পর আবার আগের অবস্থায় ফিরে যান।
এমন ধারণা সঠিক নয়। টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরার নিষেধাজ্ঞা শুধু নামাজের সাথে সম্পর্কিত নয়; সাধারণ অবস্থাতেও এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
অর্থাৎ নামাজের সময় টাখনুর ওপরে কাপড় তুলে নেওয়াই যথেষ্ট নয়। একজন মুসলমানের উচিত নামাজের বাইরেও পোশাক পরার ক্ষেত্রে এ বিধান মেনে চলা।
কেন বিষয়টি গুরুত্বপূর্ণ?
ইসলামে পোশাক শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; এর সাথে শালীনতা, বিনয় ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের বিষয়ও জড়িত। তাই পোশাকের ক্ষেত্রে ইসলামি নির্দেশনা মেনে চলাকে একজন মুমিনের দায়িত্ব হিসেবে দেখা হয়।
সুতরাং টাখনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি বা জুব্বা ঝুলিয়ে পরা থেকে পুরুষদের বিরত থাকা উচিত। আর এমন পোশাকে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হলেও, পোশাকের ওই বিধান লঙ্ঘনের গুনাহ থেকে মুক্তি মেলে না।

