...|...|...

খেলা

টাইগারদের সামনে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ১০ জুন ২০২৬, বিকেল ৫:৫৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ১০:২০
Shares
টাইগারদের সামনে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি

দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ের পর এবার প্রথমবারের মতো সিরিজ জয়ের আশায় প্রহর গুনছে বাংলাদেশ।

দীর্ঘ খরা কাটিয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ধরা দিয়েছে। সেই জয়কে এবার আরও বড় সাফল্যে রূপ দেওয়ার পালা। টানা তিনটি সিরিজ জয়ের পর টাইগারদের সামনে এবার আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। সিরিজের প্রথম ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেনও জানালেন, সিরিজ জয়ের আত্মবিশ্বাস তাদের পুরোপুরি রয়েছে।

১৫ বছর পর এটি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। সেই সিরিজের শুরুতেই বড় ব্যবধানে জিতে এগিয়ে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তারা জয়ের স্বাদ পেয়েছে দীর্ঘ ১৫ ম্যাচ পর। উল্লেখ্য, আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই এখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

প্রায় চার বছর পর দলে ফিরেই অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়া মোসাদ্দেক হোসেন অকপটেই জানালেন, পরের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তারা। তিনি বলেন, “অবশ্যই এটি ঐতিহাসিক জয়। তবে আমি বলব, আমাদের সামনে এই সিরিজটা জেতার খুব ভালো একটা সুযোগ আছে। আমরা যদি আমাদের প্রক্রিয়ায় থাকতে পারি, অবশ্যই জেতা সম্ভব। আমার থেকে শুরু করে দলের সবার মাঝেই সেই বিশ্বাসটা আছে।”

অন্যদিকে, বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্ব দিয়ে নিজেদের ঘাটতি মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। পাশাপাশি তিনি শুনিয়েছেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও।

ক্যারি বলেন, “স্পষ্টতই সিরিজের শুরুটা এভাবে হওয়া খুব একটা ভালো কিছু নয়। তবে বাংলাদেশ এবং তাদের খেলার ধরনকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হয়। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে আমরা যে পরিস্থিতিতে ছিলাম, এখানকার কন্ডিশন তার চেয়ে অনেকটাই ভিন্ন। আমার মনে হয়েছে, আমরা সব দিক থেকে ঠিকঠাক খেলতে পারিনি। আমাদের ফিল্ডিং কিছুটা দুর্বল ছিল। আমাদের পেসার ও স্পিনাররা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা সুযোগও পেয়েছিলাম, কিন্তু ব্যাটিংয়ে একের পর এক উইকেট পড়েছে।”

সিরিজ নিয়ে আশাবাদী ক্যারি আরও বলেন, “কিন্তু এটা তো একটা সিরিজ। আমাদের হাতে আরও দুটো ম্যাচ আছে এবং আশা করি এই ম্যাচটা থেকে শিক্ষা নিয়ে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব। আমরা বেশ শান্ত আছি। দিনটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। তবে উন্নতির অনেক সুযোগ আমাদের আছে, যা আমি মনে করি একটা ইতিবাচক দিক। এখন বৃহস্পতিবার সিরিজে ফিরে আসাটাই মূল ব্যাপার।”

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।