...|...|...

সারাদেশ

জামিন না পেয়ে আদালত কক্ষে বিচারককে গালাগাল

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫১
Shares
জামিন না পেয়ে আদালত কক্ষে বিচারককে গালাগাল

জেলা ও দায়রা জজ আদালত, বরগুনা। ছবি: সংগৃহীত

বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালত কক্ষে বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য এবং দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামি বশিরকে দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় তাৎক্ষণিকভাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর আমলী আদালতে একটি সিআর মামলার শুনানি চলাকালে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষিপ্ত হয়ে সে আদালতের ওপর চড়াও হয় এবং একের পর এক প্রশ্নের পাশাপাশি অশ্লীল মন্তব্য করতে থাকে। এ সময় উপস্থিত আইনজীবীরা তাকে বিরত করার চেষ্টা করলেও সে শান্ত হয়নি।

একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্য আসামি বশিরকে হ্যান্ডকাফ পরাতে গেলে সে কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালায়। বিচারকের উপস্থিতিতেই এজলাসে কনস্টেবলকে মারধর করা হয়।

এ ঘটনায় আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নেন। পরে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামি বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের ওপর সকলের আস্থা এবং সম্মান দেখানো উচিৎ। আজকে আদালতে আসামি বশির যে আচরণ করেছেন তা কোন ভাবেই ঠিক হয়নি।