বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও দেশের সার্বিক গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সুইজারল্যান্ডের পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।
অন্যদিকে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, বৈঠকে তারা সংসদীয় কার্যক্রম নিয়ে দলের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার পাশাপাশি প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।


