...|...|...

ময়মনসিংহ

জামালপুরে এনসিপির মানববন্ধনে হামলা

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৩
Shares
জামালপুরে এনসিপির মানববন্ধনে হামলা

জামালপুরে রাজিব পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র ও যুব  সংগঠনের নেতারা। এরপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়ক নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন ছাত্র ও যুবশক্তি। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার জানান, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের কিছু নেতাকর্মী এসে আমাদের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে আশ্রয় নিই।

এনসিপির ছাত্র ও যুব সংগঠনের নেতারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় এমপি ওয়ারেস আলী মামুনকে দায়ি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে জানতে চেয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভকে ফোন দিলেও ধরেননি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন- 'খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্ত আছে।'

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।